
সাইফুল ইসলাম রাজু, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জে হামের (রুবেলা) প্রাদুর্ভাব নিয়ে জনমনে উদ্বেগ থাকলেও পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন এমপি দিপু। তিনি জানান, জেলায় প্রায় ৭৫ হাজার ডোজ হামের টিকা মজুদ আছে, তাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
বুধবার দুপুরে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমপি দিপু বলেন, “অতীতে সময়মতো বুস্টার ডোজ কার্যক্রম জোরদার করা হলে হামের সংক্রমণ এভাবে বিস্তার লাভ করত না।”
রূপগঞ্জে দুই শিশুর মৃত্যুর প্রসঙ্গে তিনি জানান, ওই শিশুরা শুধুমাত্র হামে নয়, অন্যান্য জটিল রোগেও আক্রান্ত ছিল। হামের সংক্রমণ মোকাবিলায় দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে একটি বিশেষ হেল্পলাইন চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। সংক্রমণের লক্ষণ দেখা দিলে হেল্পলাইনে যোগাযোগ করলে চিকিৎসকরা রোগীর বাড়িতে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করবেন।
পরিদর্শনকালে এমপি দিপু হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের খোঁজখবর নেন। এছাড়া সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয় এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভি ফেরদৌসসহ অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া, এমপি দিপু জানান, অতি শিগগিরই সরকারি সহায়তায় রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকগুলোর আধুনিকায়ন করা হবে।