নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাই করে রেকর্ডে যুক্তের নির্দেশ
- আপলোডের সময় : Sunday, September 6, 2026,

নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাই করে রেকর্ডে যুক্তের নির্দেশ
জমির নামজারির সময় থেকে জমির বাস্তব শ্রেণি যাচাই করে তা রেকর্ডে হালনাগাদ করার ব্যবস্থা ই-মিউটেশন সিস্টেমে যুক্ত করার নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত, জমির যথাযথ মূল্য নির্ধারণ এবং সরকারের রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাইজেশন, নলেজ ম্যানেজমেন্ট ও পারফরম্যান্স অনুবিভাগ থেকে সম্প্রতি এ-সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, দেশের ভূমি ব্যবস্থাপনার অন্যতম সমস্যা হলো জমির রেকর্ডীয় শ্রেণি নিয়মিত হালনাগাদ না হওয়া। প্রাকৃতিক কারণে কিংবা মানুষের বিভিন্ন প্রয়োজনে জমির শ্রেণি পরিবর্তিত হলেও অনেক ক্ষেত্রে সেই পরিবর্তন সরকারি রেকর্ডে অন্তর্ভুক্ত করা হয় না। ফলে ভূমি নিবন্ধনসহ বিভিন্ন কার্যক্রমে জমির প্রকৃত ও যথাযথ মূল্য নির্ধারণে জটিলতা তৈরি হয়। এতে সরকারও বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
নামজারির সময়ই হালনাগাদ হবে জমির শ্রেণি
মন্ত্রণালয় জানিয়েছে, নিয়মিতভাবে জমির শ্রেণি পরিবর্তন এবং রেকর্ডীয় শ্রেণি হালনাগাদের কার্যকর ব্যবস্থা না থাকায় সমস্যাটি দীর্ঘদিনের। পাশাপাশি বিদ্যমান ই-মিউটেশন সফটওয়্যারেও নামজারির সময় জমির রেকর্ডীয় শ্রেণি পরিবর্তন বা হালনাগাদের সুবিধা নেই।
এ অবস্থায় কোনো ব্যক্তি জমি নামজারির আবেদন করলে তা মঞ্জুরের সময় জমির বাস্তব শ্রেণি যাচাই করতে হবে। যাচাইয়ের পর সেই শ্রেণিকে রেকর্ডীয় শ্রেণি হিসেবে নামজারি খতিয়ানে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা ই-মিউটেশন সিস্টেমে চালুর নির্দেশ দেওয়া হয়েছে।
বাড়বে স্বচ্ছতা, কার্যকর হবে ভূমি উন্নয়ন কর আদায়
ভূমি মন্ত্রণালয়ের মতে, ই-মিউটেশন সিস্টেমে এ সুবিধা চালু হলে জমির প্রকৃত ব্যবহার ও শ্রেণি সরকারি রেকর্ডে সঠিকভাবে প্রতিফলিত হবে। এর ফলে ভূমি উন্নয়ন কর নির্ধারণ ও আদায় আরও কার্যকর হবে। একই সঙ্গে জমির যথাযথ মূল্য নির্ধারণেও সহায়তা করবে এ ব্যবস্থা।
মন্ত্রণালয় আশা করছে, উদ্যোগটি বাস্তবায়িত হলে সরকারের রাজস্ব আয়ও বাড়বে।
নির্দেশনাটি বাস্তবায়নের জন্য ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের প্রকল্প পরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।
এ-সংক্রান্ত চিঠিতে ভূমি মন্ত্রণালয়ের উপসচিব সাদেকুর রহমান স্বাক্ষর করেছেন।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।