নান্দাইলে আচারগাঁও ফাযিল মাদ্রাসার সভাপতি নুরুল আমিনের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
- আপলোডের সময় : Thursday, October 8, 2026,

নান্দাইলে আচারগাঁও ফাযিল মাদ্রাসার সভাপতি নুরুল আমিনের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
মোঃ শাজাহান মিয়া, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
সম্প্রতি দৈনিক ‘জনবাণী’ পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টাল ‘নরসুন্দা নিউজ ২৪’-এ “নান্দাইলে মাদ্রাসার দুর্নীতি তদন্ত শেষে অন্য প্রতিষ্ঠানে রুদ্ধদ্বার বৈঠক ও আপ্যায়ন” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আচারগাঁও ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মো. নুরুল আমিন।
এক লিখিত প্রতিবাদলিপিতে মো. নুরুল আমিন দাবি করেন, প্রকাশিত সংবাদে তাকে জড়িয়ে যেসব বক্তব্য উপস্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি বলেন, গত ২৮ সেপ্টেম্বর ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত প্রতিনিধি দল শতভাগ নিরপেক্ষতা ও বিধিমোতাবেক আচারগাঁও ফাযিল মাদ্রাসায় তদন্ত কার্যক্রম পরিচালনা করে। সেখানে কোনো ধরনের রুদ্ধদ্বার বৈঠক বা অনৈতিক আপ্যায়নের সুযোগ কিংবা ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি।
প্রতিবাদলিপিতে তিনি আরও দাবি করেন, প্রকাশিত সংবাদে প্রকৃত তথ্য যাচাই না করে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য গ্রহণ না করেই মনগড়া তথ্য পরিবেশন করা হয়েছে। এতে তার ব্যক্তিগত সুনাম, সামাজিক মর্যাদা এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপপ্রয়াস চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট প্রতিবেদকের কাছে সংবাদে প্রকাশিত তথ্যের নির্ভরযোগ্য প্রমাণ ও উপযুক্ত ব্যাখ্যা দাবি করেছেন মো. নুরুল আমিন।
একই সঙ্গে ভবিষ্যতে যেকোনো সংবাদ প্রকাশের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা বজায় রেখে তথ্যের সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য তুলে ধরার আহ্বান জানান তিনি।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।