নাজিরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
- আপলোডের সময় : Wednesday, October 7, 2026,

নাজিরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মোঃ আশ্রাফুল আলম, বিশেষ প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে পিরোজপুরের নাজিরপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলা প্রশাসনের উদ্যোগে নাজিরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় সহকারী কমিশনার (ভূমি), থানার পরিদর্শক (তদন্ত), উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, উপজেলা জামায়াতের প্রতিনিধি, সাংবাদিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউনিয়ন পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং উপজেলার ১২৭টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেন।
সভায় নাজিরপুর উপজেলায় শারদীয় দুর্গোৎসব সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা ও মতামত তুলে ধরা হয়। এ সময় যানজট নিয়ন্ত্রণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা নিশ্চিত করা, মাদক নির্মূল এবং পূজামণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা একটি পূজামণ্ডপের সভাপতির হাতে জিওর (জেনারেল অর্ডার) কপি তুলে দেন।
সভায় জানানো হয়, এ বছর নাজিরপুর উপজেলায় ১২৭টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু হয়ে ২১ অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে উৎসব শেষ হবে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।