
নলছিটি প্রতিনিধি:
“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (৬ জুলাই) বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে নলছিটি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রিজভী আহমেদ সবুজ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন নলছিটি পৌর বিএনপির সভাপতি মো. মজিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. তৌহিদ আলম মান্নাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পরিকল্পিত পল্লী উন্নয়নের কোনো বিকল্প নেই। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কৃষি, কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন এবং জনসম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন তারা। একই সঙ্গে সরকারের বিভিন্ন পল্লী উন্নয়ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।