নলছিটিতে অসমাপ্ত সড়কের কাজ শেষের দাবিতে মানববন্ধন, ৭ দিনের আল্টিমেটাম
- আপলোডের সময় : Tuesday, September 15, 2026,

নলছিটিতে অসমাপ্ত সড়কের কাজ শেষের দাবিতে মানববন্ধন, ৭ দিনের আল্টিমেটাম
মোঃ সাব্বির আহমেদ
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি, আমার সকাল ২৪
ঝালকাঠি
ঝালকাঠির নলছিটিতে দীর্ঘদিন ধরে অসমাপ্ত থাকা সড়ক নির্মাণকাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার মাল্লিকপুর এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় পাঁচ বছর আগে মাল্লিকপুর-সূর্যপাশা স্কুল সড়ক, শংকরপাশা পোলেরহাট-দক্ষিণ গৌরিপাশা সড়কসহ গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২-এর আওতায় কয়েকটি সড়কের নির্মাণকাজ শুরু হয়। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এসব সড়কের কাজ পুরোপুরি শেষ হয়নি। এতে সড়কগুলো দিয়ে চলাচলকারী মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, সড়কের বিভিন্ন অংশে খানাখন্দ ও ভাঙাচোরা অবস্থার কারণে যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ রোগীদের চলাচলে দুর্ভোগ বেড়েছে। সম্প্রতি সূর্যপাশা এলাকায় অগ্নিকাণ্ডের সময় সড়কের বেহাল অবস্থার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি চলাচলে সমস্যায় পড়েছিল বলেও মানববন্ধনে দাবি করা হয়।
বক্তারা সড়কগুলোর নির্মাণকাজ দ্রুত পুনরায় শুরু করে শেষ করার জন্য সাত দিনের সময়সীমা বেঁধে দেন। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শুরু না হলে নলছিটি-বরিশাল আঞ্চলিক মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তাঁরা। পাশাপাশি স্থানীয়ভাবে কর প্রদান বন্ধের কথাও বলেন বক্তারা।
মানববন্ধনে স্থানীয় সমাজকর্মী নজরুল ইসলাম তালুকদার, ব্যবসায়ী মনির হোসেন ও এ. সালাম, প্রভাষক নাসির উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নলছিটি উপজেলা সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন জিহাদী, সমাজকর্মী বালি তাইফুর রহমান তুর্জোসহ স্থানীয়রা বক্তব্য দেন। এ সময় ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জসিম হোসেনসহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে স্থানীয়দের পক্ষ থেকে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২০–২১ অর্থবছরে নলছিটি পৌরসভার মাধ্যমে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২-এর আওতায় মাল্লিকপুর-সূর্যপাশা স্কুল সড়কের প্রায় ১ দশমিক ৩ কিলোমিটার অংশের জন্য দুটি প্যাকেজে প্রায় ১ কোটি ২৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজের দায়িত্ব পায় প্রিন্স কনস্ট্রাকশন ও খন্দকার ব্রাদার্স।
এ ছাড়া শংকরপাশা পোলেরহাট-দক্ষিণ গৌরিপাশা সড়কের ৬০০ মিটার অংশের জন্য ৪৮ লাখ ৮৪ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয় এবং খান এন্টারপ্রাইজকে কাজ দেওয়া হয়। তবে এসব সড়কের নির্মাণকাজ এখনো পুরোপুরি শেষ হয়নি বলে স্থানীয়দের দাবি।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।