নবীনগরে সাবেক সাংসদের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল
ফজলে রাব্বি পাপপু, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাবেক সংসদ সদস্য মরহুম কাজী মো. আনোয়ার হোসেনের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তিনি ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
বুধবার (১১ মার্চ ২০২৬) নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের আউটডোর মাঠে নবীনগর উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সফিকুল ইসলাম সফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুমের একমাত্র সন্তান ও সদ্য অনুষ্ঠিত সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা কাজী মো. নাজমুল হোসেন তাপস। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আমজাদ হোসেন আশরাফী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র মাইনু উদ্দিন মাইনু, সাবেক পৌর কাউন্সিলর মো. আবু তাহের, সাবেক পৌর কাউন্সিলর মো. আবু সাইদ, পৌর যুবদল নেতা আলী আজ্জম, জেলা বিএনপির সাবেক সদস্য হযরত আলী, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ হোসেন রুবেল, সিরাজুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে মরহুম কাজী মো. আনোয়ার হোসেনের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। এ সময় বক্তারা তাঁর রাজনৈতিক জীবন ও নবীনগরের উন্নয়নে অবদানের কথা স্মরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে কাজী মো. নাজমুল হোসেন তাপস নির্বাচন-পরবর্তী সময়ে উপজেলার সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং একটি সুন্দর ও উন্নত নবীনগর গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।













