
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে তৎপরতা শুরু করেছেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২ জুন) তিনি রানীনগর-আত্রাই হয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করেন।
টহল চলাকালে পুলিশ সুপার মহাসড়কে যানবাহন চলাচল পর্যবেক্ষণ করেন এবং অপরাধ নিয়ন্ত্রণে মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরে তিনি আকস্মিকভাবে আত্রাই থানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে থানার ডিউটি অফিস, হাজতখানা, ব্যারাক এবং বিভিন্ন রেকর্ড বুক পরিদর্শন ও যাচাই করেন। এছাড়া সাধারণ মানুষের অভিযোগ গ্রহণ ও দ্রুত নিষ্পত্তির প্রক্রিয়া সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় থানার কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “পুলিশের মূল শক্তি হলো জনগণের আস্থা। প্রতিটি সদস্যকে পেশাদারিত্ব, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সাধারণ মানুষ যাতে থানায় এসে কোনো ধরনের হয়রানির শিকার না হয় এবং দ্রুত সেবা পায়, তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে আরও জনবান্ধব ও সেবামূলক ভূমিকা পালন করতে হবে।
পুলিশ সুপারের নির্দেশনার বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম বলেন, “পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা আমাদের কার্যক্রমকে আরও গতিশীল করবে। থানায় আগত প্রতিটি সেবাপ্রার্থীর অভিযোগ সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত আইনি সেবা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। পাশাপাশি বিট পুলিশিংয়ের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এবং অপরাধ দমনে আমরা সার্বক্ষণিক সতর্ক রয়েছি।”
পুলিশ সুপারের এ আকস্মিক পরিদর্শন নওগাঁ জেলা পুলিশের কার্যক্রমে নতুন গতি সঞ্চার করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিতের মাধ্যমে একটি অপরাধমুক্ত ও নিরাপদ নওগাঁ গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত হয়েছে এ পরিদর্শনের মধ্য দিয়ে।
প্রতিবেদক: মোঃ আব্দুস ছালাম
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি