নওগাঁ-আত্রাই-নাটোর আঞ্চলিক সড়কে চোরাই চার্জার অটোরিকশাসহ আন্তজেলা চোর গ্রেপ্তার
- আপলোডের সময় : Friday, October 16, 2026,

নওগাঁ-আত্রাই-নাটোর আঞ্চলিক সড়কে চোরাই চার্জার অটোরিকশাসহ আন্তজেলা চোর গ্রেপ্তার
মোজাহারুল ইসলাম (আকাশ), বিশেষ প্রতিনিধি
নওগাঁ-আত্রাই-নাটোর আঞ্চলিক সড়কে বিশেষ চেকপোস্টে তল্লাশির সময় চোরাই চার্জার অটোরিকশাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আত্রাই থানা পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি নাটোরের মাদ্রাসা মোড় এলাকা থেকে অটোরিকশাটি চুরির কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় আত্রাই-রাণীনগর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের আত্রাই থানা এলাকার একটি পুলিশ পোস্টে গত ১৫ অক্টোবর রাতে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশ রাত ১১টা ৩৫ মিনিটের দিকে একটি চার্জার অটোরিকশা তল্লাশি করে। এ সময় চালকের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় অটোরিকশাসহ তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আটক ব্যক্তি মো. নাসির উদ্দিন সাগর (৩১) নাটোর জেলার তেবাড়িয়া এলাকার বাসিন্দা বলে পরিচয় দেন। তাঁর বাবার নাম মো. ইব্রাহিম হোসেন জাকির। পুলিশকে তিনি জানান, গত ১৫ অক্টোবর বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটে নাটোরের মাদ্রাসা মোড় এলাকা থেকে অজ্ঞাতনামা দুই থেকে তিনজনের সহায়তায় চার্জার অটোরিকশাটি চুরি করেন। পরে সেটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
পরে অটোরিকশাটির মালিক মো. লালু মিয়াকে খবর দেওয়া হলে তিনি আত্রাই থানায় উপস্থিত হন। তাঁর বাবার নাম আশরাফ হোসেন এবং বাড়ি নাটোর জেলার নারায়ণকান্দি এলাকায়। তিনি উদ্ধার হওয়া অটোরিকশাটি নিজের বলে শনাক্ত করেন।
এ ঘটনায় অটোরিকশার মালিক বাদী হয়ে আত্রাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে ১৬ অক্টোবর আত্রাই থানায় মামলা নম্বর ১৩, দণ্ডবিধির ৩৭৯ ও ৪১১ ধারায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, নওগাঁ-রাণীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক মহাসড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যানবাহন ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং চুরি-ছিনতাইসহ অপরাধ প্রতিরোধে রাতে একাধিক চেকপোস্টে তল্লাশি কার্যক্রম চলছে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।