
মোঃ আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলায় বড় শিমলা মহিলা কলেজের প্রভাষক নেয়ামুল বাশী (৫০) দুষ্কৃতকারীদের হামলায় নিহত হয়েছেন। হত্যার পর তার মরদেহ রেললাইনের পাশে ফেলে রাখা হয় বলে অভিযোগ উঠেছে। তিনি একজন হজ কাফেলার মোয়াল্লেম হিসেবেও দায়িত্ব পালন করতেন।
মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাতের কোনো এক সময়ে উপজেলার ভরমাধাইমুড়ি ও শাহাগোলা এলাকার মাঝামাঝি রেললাইনের পাশে এ ঘটনা ঘটে।
নিহত নেয়ামুল বাশী রাজশাহী জেলার বাগমারা উপজেলার ঝিকরা গ্রামের মৃত নজিবর রহমান দেওয়ানের ছেলে। তিনি আত্রাই উপজেলার বড় শিমলা মহিলা কলেজের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন এবং নওগাঁ সদর উপজেলার চকরামপুর মহল্লায় বসবাস করতেন।
নিহতের ছোট ভাই মিজানুর রহমান জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে নেয়ামুল বাশী আত্রাই থেকে নওগাঁর উদ্দেশ্যে রওনা হন। যাওয়ার সময় পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তিনি নওগাঁ পৌঁছে এশার নামাজ আদায় করবেন বলে জানান। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
বুধবার (১৭ জুন) ভোর ৫টার দিকে স্থানীয় লোকজন রেললাইন সংলগ্ন এলাকায় হাঁটার সময় ভরমাধাইমুড়ি ও শাহাগোলার মধ্যবর্তী স্থানে রেললাইনের পূর্ব পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহটি শনাক্ত করেন।
স্বজনদের দাবি, নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গভীর আঘাতের চিহ্ন রয়েছে, যা হত্যাকাণ্ডের ইঙ্গিত বহন করে।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম জানান, মরদেহটি রেললাইনের পাশে পাওয়া যাওয়ায় আইন অনুযায়ী বিষয়টি রেলওয়ে পুলিশ তদন্ত করছে।
সান্তাহার রেলওয়ে থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে নিয়মিত হত্যা মামলা রুজু করা হবে। তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার, সহকর্মী ও এলাকাবাসী দোষীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।