নওগাঁর আত্রাইয়ে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার
মোঃ আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে বাড়ির পাশের একটি গাছ থেকে সুফিয়া বেগম (৬২) নামে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) ভোরে উপজেলার মনিয়ারী ইউনিয়নের পালশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুফিয়া বেগম ওই গ্রামের মো. নূর মোহাম্মদের স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সুফিয়া বেগম দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। প্রতিদিনের মতো সোমবার রাতে খাবার খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার ভোর আনুমানিক ৫টার দিকে পরিবারের সদস্যরা ঘরের বাইরে বের হলে বাড়ির পাশের একটি গাব গাছের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে তারা চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
তদন্তকারী কর্মকর্তা এসআই মো. উজ্জ্বল বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি। সুরতহাল প্রতিবেদনে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত বৃদ্ধা দীর্ঘদিন মানসিক রোগে ভুগছিলেন বলে পরিবার জানিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এদিকে, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।