ধুনটে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক সভা
- আপলোডের সময় : Thursday, September 10, 2026,

ধুনটে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক সভা
আশরাফুদ্দীন আল আজাদ
বিশেষ প্রতিনিধি, আমার সকাল ২৪
বগুড়া
ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল ধ্বংসে করণীয় বিষয়ে বগুড়ার ধুনটে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় ধুনট উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্কাউটস, ধুনট উপজেলা শাখার যৌথ আয়োজনে উপজেলা পরিষদের ইছামতি সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী। আলোচনায় ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং ব্যক্তি ও সামাজিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তব্য দেন ধুনট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইয়োদা জাহান বানু, ধুনট উপজেলা স্কাউটসের সম্পাদক আতাউর রহমান, সহ-সভাপতি বিকাশ চন্দ্র সাহা ও রেজাউল করিম, কাব লিডার আবুল কালাম আজাদ এবং স্কাউটস লিডার আশরাফুল ইসলাম।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। কোথাও যাতে দীর্ঘ সময় পরিষ্কার পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। জমে থাকা পানি এডিস মশার বংশবিস্তারের অন্যতম প্রধান স্থান।
এ সময় নিয়মিত বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখা, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসাসহ বিভিন্ন পাত্রে জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজনন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
আলোচনা সভায় বাংলাদেশ স্কাউটসের ধুনট উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।