ধামইরহাটকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়ামুক্ত ‘আদর্শ উপজেলা’ গড়ার অঙ্গীকার
- আপলোডের সময় : Wednesday, September 16, 2026,

ধামইরহাটকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়ামুক্ত ‘আদর্শ উপজেলা’ গড়ার অঙ্গীকার
মোঃ জিহান বাবু
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
আমার সকাল ২৪
নওগাঁ
নওগাঁর ধামইরহাট উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে শিশু ঝরে পড়া নিরসনে ‘আদর্শ উপজেলা’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অঙ্গীকার অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ধামইরহাট উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ধামইরহাট এডিপির যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী তাহমিনা শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সাংবাদিকরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশনের এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম ম্যানেজার লাবলু খান।
সিনিয়র প্রোগ্রাম অফিসার ডেভিড সাংমার সঞ্চালনায় বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্তকরণে ‘জিরো প্লাস ক্যাম্পেইন’-এর ওপর ভিডিও প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এ সময় বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া থেকে মুক্ত হওয়া তিন শিশু—মোছাঃ তাবাচ্ছুম, মারুফ হোসেন ও রাজু পাহান—তাদের অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরে।
অনুষ্ঠানে জানানো হয়, ২০০৮ সাল থেকে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ স্থানীয় প্রশাসন, শিক্ষা বিভাগ ও সুশীল সমাজের সমন্বয়ে শিশুদের সুরক্ষা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করে আসছে। দীর্ঘদিনের এই কার্যক্রমের ধারাবাহিকতায় ধামইরহাটকে ‘আদর্শ উপজেলা’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
বক্তারা বলেন, শিশুদের সুরক্ষা নিশ্চিত করা শুধু সরকারের একার দায়িত্ব নয়। এ জন্য পরিবার, সমাজ, স্থানীয় প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থাগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। অর্জিত সাফল্য টেকসই করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর (ফিল্ড অপারেশনস) রাজু উইলিয়াম রোজারিও উপস্থিত সবাইকে শপথবাক্য পাঠ করান। পরে উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা ও ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধিরা যৌথভাবে অঙ্গীকারপত্রে স্বাক্ষর করেন।
মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে দিনব্যাপী এ কর্মসূচির সমাপ্তি ঘটে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।