
নিউজ ডেস্ক , আমার সকাল ২৪
ঝিনাইদহ, ২৮ ফেব্রুয়ারি – আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, ধর্ষণ ও চাঁদাবাজির মতো গুরুতর অপরাধে জড়িতদের কোনো রাজনৈতিক আশ্রয় বা ছাড় দেয়া হবে না। আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে এ ধরনের অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে।
শনিবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আইনমন্ত্রী বলেন, “জুলাই গণঅভ্যুত্থান শহীদদের রক্তের বিনিময়ে দেশে নির্বাচনের মাধ্যমে সরকার এসেছে। শহীদদের অমর্যাদা বা তাদের আত্মাকে কষ্ট দেওয়া কোনো কর্মকাণ্ড সরকার মেনে নেবে না।”
সভায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবুবকর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালেব, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাসউদ এবং পুলিশ সুপার মাহফুজ আফজাল।
আইনমন্ত্রী আরও বলেন, নরসিংদীর ধর্ষণ মামলার সব অপরাধীদের শেকড় ধরে উপড়ে ফেলা হবে। মাগুরার আছিয়া হত্যা কাণ্ডের সময় আইনমন্ত্রী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দ্রুত বিচার নিশ্চিত করেছেন। ঝিনাইদহের শিশু তাবাসসুম হত্যা মামলাও সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে বিচার করা হবে।
দুর্নীতির বিষয়ে আইনমন্ত্রী বলেন, “এই সরকার জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। জনগণের জন্য বরাদ্দকৃত প্রতিটি টাকার হিসাব কড়াইগন্ডায় দেখা হবে। কেউ যদি কমিশন নেয় বা দুর্নীতি করে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
সড়ক ও অবকাঠামো উন্নয়নে কম্প্রোমাইজের কোনো সুযোগ নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, ঠিকাদারদের যদি অনিয়ম পাওয়া যায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, চাঁদাবাজি, কমিশন বাণিজ্য ও হুমকি-ধামকিতে জড়িতদের নির্মূলে সরকার ও বিরোধীদল ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
আইনমন্ত্রী আরও সতর্ক করে বলেন, জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন যে কেউ অপরাধ করেছে, তাকে অবশ্যই শাস্তি পেতে হবে।