দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ছে ডেঙ্গু রোগী, আতঙ্ক
- আপলোডের সময় : Tuesday, September 22, 2026,

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ছে ডেঙ্গু রোগী, আতঙ্ক
কাউছার মিয়া, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় দিন দিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। চলতি মাসের ২১ সেপ্টেম্বর পর্যন্ত দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ২৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ২৭ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে তিনজন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা নেওয়ার চিত্র দেখা যায়। হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তি হওয়া রোগীদের মধ্যে বেশিরভাগই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসপাতাল সূত্র আরও জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে তিনজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। রোগীর সংখ্যা বাড়তে থাকায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদেরও অতিরিক্ত সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হচ্ছে। আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা দেওয়া হচ্ছে।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সুব্রত কর্মকার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণের পরামর্শ দেন।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি পারিবারিক ও সামাজিক পর্যায়েও উদ্যোগ নেওয়া প্রয়োজন। পরিত্যক্ত পাত্র, ড্রাম, বালতি, টব, টায়ারসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখার পরামর্শ দেন তিনি।
এদিকে জ্বর, শরীর ব্যথা, মাথাব্যথা ও দুর্বলতাসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।