দৈনিক বাংলার সংবাদ ও দৈনিক দেশের কাগজের বিরুদ্ধে কার্ড বাণিজ্য ও অর্থ নেওয়ার অভিযোগ
- আপলোডের সময় : Friday, September 11, 2026,

দৈনিক বাংলার সংবাদ ও দৈনিক দেশের কাগজের বিরুদ্ধে কার্ড বাণিজ্য ও অর্থ নেওয়ার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
পিরোজপুর
সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে প্রতারণা ও অর্থ গ্রহণের অভিযোগ উঠেছে ‘দৈনিক বাংলার সংবাদ’ এবং পরবর্তীতে নাম পরিবর্তন করে পরিচালিত ‘দৈনিক দেশের কাগজ’ নামের দুটি অনলাইন নিউজ পোর্টালের বিরুদ্ধে।
অভিযোগকারীদের দাবি, সাংবাদিক হিসেবে নিয়োগ দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে এসব পোর্টালের পক্ষ থেকে অর্থ নেওয়া হয়েছে। সাংবাদিক পরিচয়পত্র (কার্ড), সরকারি নিবন্ধন এবং বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার প্রলোভন দেখিয়ে কারও কাছ থেকে ১ হাজার, কারও কাছ থেকে ১ হাজার ২০০ এবং কারও কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা।
অভিযোগকারীরা আরও দাবি করেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সরকারি নিবন্ধন ও অনুমোদনের বিষয়টি নিয়েও নানা প্রশ্ন রয়েছে। সাংবাদিকতার পরিচয়পত্র দেওয়ার নামে একটি চক্র দীর্ঘদিন ধরে এ ধরনের কার্যক্রম চালিয়ে আসছে বলেও অভিযোগ তাদের।
তাদের ভাষ্য, এ ধরনের কর্মকাণ্ডের কারণে প্রকৃত সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের কাছে গণমাধ্যমের প্রতি আস্থাও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
অভিযোগকারীদের দাবি, আগে ‘দৈনিক বাংলার সংবাদ’ নামে কার্যক্রম পরিচালনা করা হলেও বর্তমানে নাম পরিবর্তন করে ‘দৈনিক দেশের কাগজ’ নামে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সংশ্লিষ্ট পোর্টালের নিয়োগ প্রক্রিয়া, প্রচারিত তথ্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে বিভিন্ন নথি ও তথ্য-প্রমাণ তাদের কাছে রয়েছে বলেও দাবি করেছেন তারা।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ‘দৈনিক বাংলার সংবাদ’ ও ‘দৈনিক দেশের কাগজ’ কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ভুক্তভোগীদের অভিযোগ, সাংবাদিকতার মতো সম্মানজনক পেশাকে কেউ যদি প্রতারণা বা অর্থ আদায়ের মাধ্যম হিসেবে ব্যবহার করে, তা পুরো সাংবাদিক সমাজের জন্য ক্ষতিকর। তাই বিষয়টি তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
অভিযোগকারীরা আরও জানান, প্রশাসন তদন্তের স্বার্থে চাইলে তাদের কাছে থাকা সংশ্লিষ্ট নথিপত্র ও তথ্য-প্রমাণ সরবরাহ করা হবে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।