দৈনিক ‘চলার পথে’র সম্পাদক মোস্তাফিজুর রহমান ভুইয়া ফেরদৌস আর নেই
মস্তু মিয়া
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত দৈনিক চলার পথে’র প্রকাশক ও সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান ভুইয়া ফেরদৌস আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
বুধবার (০১ এপ্রিল) বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মোহাম্মদপুর হাজীবাড়ী কোরআানীয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ।
মোস্তাফিজুর রহমান ভুইয়া ফেরদৌস ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকতা অঙ্গনের এক সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন। তিনি দীর্ঘদিন নিষ্ঠা ও সততার সঙ্গে সংবাদপত্র সম্পাদনা ও প্রকাশনার দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে দৈনিক চলার পথে স্থানীয় সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং পাঠকমহলে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করে।
এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি হিসেবে তিনি সাংবাদিকদের ঐক্য সুদৃঢ় করা, পেশাগত মানোন্নয়ন এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিক সমাজ, সুধীজন ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই তাকে একজন সৎ, নির্ভীক ও দায়িত্বশীল সাংবাদিক হিসেবে স্মরণ করছেন।