
দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, রাজশাহী-পাবনা-যশোরে মৃদু তাপপ্রবাহ অব্যাহত
স্টাফ রিপোর্টার:
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা থাকলেও রাজশাহী, পাবনা ও যশোর জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। বৃষ্টিহীন এলাকাগুলোতে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় প্রকাশিত নিয়মিত আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, পাবনা ও যশোর জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ শনিবারও (২৭ জুন) অব্যাহত থাকতে পারে। এদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, শনিবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এ অবস্থায় বজ্রপাত ও ভারি বৃষ্টির সময় অপ্রয়োজনীয় বাইরে চলাচল এড়িয়ে চলা এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।