দেবের উদ্দেশে খোলা চিঠি প্রসেনজিতের, ‘দেশু৭’-এর পুরো দলকে শুভেচ্ছা
- আপলোডের সময় : Friday, October 9, 2026,

দেবের উদ্দেশে খোলা চিঠি প্রসেনজিতের, ‘দেশু৭’-এর পুরো দলকে শুভেচ্ছা
বিনোদন ডেস্ক:
টালিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলী আবারও একসঙ্গে ফিরছেন ‘দেশু৭’ সিনেমায়। ‘ধূমকেতু’ সিনেমার সুবাদে দীর্ঘ বিরতির পর এই জুটিকে একসঙ্গে দেখেছিলেন দর্শক। এবার তাদের সপ্তম সিনেমার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। সিনেমাটি ঘিরে আগ্রহের মধ্যেই সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত হয়েছে ট্রেলার প্রকাশের অনুষ্ঠান। তবে শুটিংয়ের কাজে বাইরে থাকায় সেখানে উপস্থিত থাকতে পারেননি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
অভিনয়ের পাশাপাশি এবার পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করছেন দেব। তার নতুন যাত্রার জন্য শুভেচ্ছা জানিয়ে একটি খোলা চিঠি লিখেছেন প্রসেনজিৎ। চিঠিতে দেবের নতুন ভূমিকা নিয়ে নিজের উচ্ছ্বাসের কথাও তুলে ধরেছেন তিনি।
দেবকে উদ্দেশ করে প্রসেনজিৎ লেখেন, “স্নেহের দেব, তোমাদের ‘দেশু৭’-এর ট্রেলার লঞ্চে উপস্থিত থাকতে পারলাম না, আউটডোর শুটে আছি। তোমার জীবনের এক নতুন যাত্রা শুরু হচ্ছে, একজন পরিচালক হিসেবে। এই নতুন পথচলার জন্য তোমাকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা।”
দেবের অভিনয়জীবনের দীর্ঘ পথচলার সাক্ষী প্রসেনজিৎ। এবার পরিচালকের আসনে দেবকে দেখার অপেক্ষায় রয়েছেন তিনিও। চিঠিতে সেই আগ্রহের কথা জানিয়ে প্রসেনজিৎ লেখেন, “একজন অভিনেতা হিসেবে তোমাকে বহুদিন ধরে দেখছি, এবার পরিচালক হিসেবে দেখার জন্যও খুব আগ্রহী হয়ে আছি।”
শুধু দেব নয়, ‘দেশু৭’-এর পুরো দলকেও শুভেচ্ছা জানিয়েছেন প্রসেনজিৎ। দেব ও শুভশ্রীকে আবারও একসঙ্গে পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন তিনি। চিঠির শেষে তিনি লেখেন, “খুব ভালো থাকো। আমার তরফ থেকে ‘দেশু৭’-এর গোটা টিমকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা।”
সিনেমাটির ট্রেলার প্রকাশের অনুষ্ঠানে অভিনেতা জিতের উপস্থিতিও ছিল অন্যতম আকর্ষণ। অভিনয়ের পাশাপাশি পরিচালনায় দেবের নতুন যাত্রা নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। এবার পরিচালক হিসেবে দেব কতটা সাফল্য পান, সেটিই দেখার অপেক্ষা।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।