দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল
- আপলোডের সময় : Tuesday, August 25, 2026,

দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল
আনারুল ইসলাম
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
‘গতানুগতিক ধারার এমপি হিসেবে নয়, কাজের মাধ্যমেই নিজেকে প্রমাণ করতে চাই’—এমন প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
রোববার (২৩ আগস্ট) সকালে নেত্রকোনার দুর্গাপুরে এসএসসি ও সমমানের ২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী এবং ৫ম ও ৮ম শ্রেণি/সমমানের জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে বিরিশিরির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমিতে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. বজলুর রহমান আনছারী, নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা, একাডেমির পরিচালক অঞ্জন কুমার চিছাম এবং দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত। সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন।
শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, শুধু স্বপ্ন দেখলেই হবে না, তা বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও সততা প্রয়োজন। আজকের শিক্ষার্থীদের মধ্য থেকেই ভবিষ্যতে চিকিৎসক, প্রকৌশলী, প্রশাসনের কর্মকর্তা এবং রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্ব তৈরি হতে পারে।
তিনি বলেন, “আমি গতানুগতিক ধারার এমপি হিসেবে আপনাদের কাছে পরিচিত হতে চাই না। আমি আমার কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই, আপনারা যেন গর্ব করে বলতে পারেন—আমাদের এলাকার একজন এমপি মানুষের জন্য দৃশ্যমান অনেক কাজ করে গেছেন।”
এলাকার উন্নয়ন শুধু অট্টালিকা বা অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয় উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল আশানুরূপ হয়নি, সেসব প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
শিক্ষকদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, শুধু পুঁথিগত বিদ্যা নয়, শিক্ষার্থীদের মানবিক গুণাবলি, শিষ্টাচার, সততা ও নৈতিক মূল্যবোধ শেখাতে হবে। একজন মানুষ পেশাগত জীবনে যত বড়ই হোক, মানবিক গুণাবলি ছাড়া তার সাফল্য পূর্ণতা পায় না।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি লোভ ও প্রয়োজনের পার্থক্য বোঝার আহ্বান জানান। জীবনে সাফল্যের পাশাপাশি সততা ধরে রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ-সম্পদ কখনো প্রকৃত সাফল্যের পরিচয় হতে পারে না। দেশপ্রেম থাকলে মানুষ দুর্নীতি করতে পারে না।
দুর্গাপুর-কলমাকান্দার উন্নয়ন প্রসঙ্গে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, শিক্ষা, সংস্কৃতি, কর্মসংস্থান ও মানুষের জীবনমানের উন্নয়নকে গুরুত্ব দিতে হবে। স্থানীয় সম্ভাবনাকে কাজে লাগিয়ে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। সব উন্নয়নমূলক কাজ হয়তো একসঙ্গে করা সম্ভব হবে না, তবে এলাকার মানুষের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাবেন বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, নিজের বিবেকের কাছে জবাবদিহি করেই ভবিষ্যতে জনগণের কাছে যেতে চান। ‘সবার আগে বাংলাদেশ’—এই চেতনাকে ধারণ করে সবার অধিকার নিশ্চিত করে একটি সুন্দর, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
আলোচনা শেষে এসএসসি ও সমমানের ২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী এবং ৫ম ও ৮ম শ্রেণি/সমমানের জুনিয়র বৃত্তিপ্রাপ্ত মোট ৭৬ জন কৃতী শিক্ষার্থীর হাতে সম্মাননা তুলে দেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।










