
দিরাই ও সিলেটে পুলিশের চিরুনি অভিযান: নারী নির্যাতন ও হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৬
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাই উপজেলা ও সিলেট মহানগরের বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ চিরুনি অভিযানে নারী ও শিশু নির্যাতন এবং হত্যা মামলার এজাহারভুক্ত আসামিসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দিরাই থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় পুলিশ সুপারের নির্দেশনায় দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে পুলিশের একাধিক বিশেষ দল পৃথক স্থানে অভিযান পরিচালনা করে এ গ্রেপ্তার অভিযান চালায়।
অভিযানের অংশ হিসেবে গত ৬ জুলাই দিরাই থানায় দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার দুই এজাহারভুক্ত আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরে উপপরিদর্শক (এসআই) কানন কুমার দাসের নেতৃত্বে পুলিশের একটি দল সিলেট মহানগরের মাছিমপুর এলাকায় অভিযান চালিয়ে শানিয়াল মিয়া (১৯) ও রফু মিয়া (২২)-কে গ্রেপ্তার করে।
এদিকে দিরাই থানা এলাকার পৃথক অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ইপিজেড থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার পলাতক আসামি মো. মামুন হোসেন ওরফে ছুরুক মিয়াকে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পূর্ব চন্ডিপুর গ্রাম থেকে উপপরিদর্শক (এএসআই) প্রদীপ চন্দ্র বর্মনের নেতৃত্বে তাকে আটক করা হয়।
একই রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আদালতের পরোয়ানাভুক্ত আরও তিন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন— কাইমা গ্রামের মো. হুমায়ুন কবির (৫০), জগরন্নারচর গ্রামের পিকেশ দাস (৪৫) এবং কামালপুর গ্রামের ধরনী বৈষ্ণব (৪০)। এ অভিযানে নেতৃত্ব দেন এএসআই সুব্রত পাল ও সঙ্গীয় পুলিশ সদস্যরা।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, “অপরাধী যতই প্রভাবশালী বা কৌশলী হোক, আইনের আওতার বাইরে থাকার কোনো সুযোগ নেই। গ্রেপ্তারকৃত ছয়জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”