দিনাজপুর সদর-৩ আসনে তিন মাসে উন্নয়নমূলক নানা পদক্ষেপ: সংসদ সদস্য
- আপলোডের সময় : Monday, August 31, 2026,

দিনাজপুর সদর-৩ আসনে তিন মাসে উন্নয়নমূলক নানা পদক্ষেপ: সংসদ সদস্য
সাজ্জাদুর রহমান
বিশেষ প্রতিনিধি, আমার সকাল ২৪
দিনাজপুর
দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমের উদ্যোগে নির্বাচনী এলাকায় গত তিন মাসে বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
এ সংক্রান্ত এক বিবৃতিতে জানানো হয়, দিনাজপুর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে ডিও (ডিমান্ড অব অর্ডার) প্রদান করা হয়েছে।
এ ছাড়া পরিকল্পিতভাবে বর্তমান পৌর এলাকার সম্প্রসারণ ও অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পে (DPIDP) প্রায় ২ হাজার ১৫০ কোটি টাকার ডিও প্রদান করা হয়েছে বলে জানানো হয়।
দিনাজপুর সদর এলাকায় একটি সরকারি ক্যাডেট কলেজ স্থাপনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে এবং রামসাগর জাতীয় উদ্যানকে সম্প্রসারণ, সৌন্দর্যবর্ধন ও পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে ডিও পাঠানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, নির্বাচনী এলাকার আওতাধীন ৭৬টি সড়ক ও ৭টি সেতুর অনুমোদন পাওয়া গেছে। পাশাপাশি দিনাজপুর জিলা স্কুল ও দিনাজপুর সিটি কলেজের একাডেমিক, প্রশাসনিক, লাইব্রেরি ও অডিটোরিয়াম ভবনের উন্নয়ন ও স্থাপনের জন্য ডিও প্রদান করা হয়েছে।
দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের শয্যা সংখ্যা ৫০০ থেকে ১ হাজারে উন্নীত করার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ডিও প্রদান করা হয়েছে বলেও জানানো হয়।
এ ছাড়া নির্বাচনী এলাকায় দুই শতাধিক মসজিদ, মন্দির, গির্জা, স্কুল-কলেজ, মাদ্রাসা ও স্টেডিয়ামের সংস্কার এবং বরাদ্দ কার্যক্রম চলমান রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম আসন্ন দিনগুলোতে দিনাজপুরের উন্নয়নে দল-মত নির্বিশেষে সবাইকে পাশে থেকে সুপরামর্শ ও সার্বিক সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।










