দক্ষিণ কোরিয়া থেকে আমদানি বাড়িয়েও জেট ফুয়েল সংকটে ইউরোপ
- আপলোডের সময় : Monday, September 21, 2026,

দক্ষিণ কোরিয়া থেকে আমদানি বাড়িয়েও জেট ফুয়েল সংকটে ইউরোপ
আন্তর্জাতিক ডেস্ক
মধ্যপ্রাচ্যের সংকটের কারণে সরবরাহ কমে যাওয়ায় ইউরোপে জেট ফুয়েলের সংকট আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বছরের শেষ তিন মাসে ইউরোপে জেট ফুয়েলের ঘাটতি তৈরি হতে পারে বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকেরা।
ঘাটতি পূরণে ইউরোপ দূরবর্তী বিভিন্ন দেশ থেকে জেট ফুয়েল আমদানি বাড়িয়েছে। এর মধ্যে দক্ষিণ কোরিয়া বড় সরবরাহকারী হিসেবে উঠে এসেছে। তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে দক্ষিণ কোরিয়া থেকে ইউরোপে প্রতিদিন প্রায় ১ লাখ ২৯ হাজার ব্যারেল জেট ফুয়েল সরবরাহ হচ্ছে, যা ২০২২ সালের অক্টোবরের পর সর্বোচ্চ।
এর আগে নাইজেরিয়া, যুক্তরাষ্ট্র ও কানাডা থেকেও ইউরোপে জেট ফুয়েলের আমদানি বেড়েছে। ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে জেট জ্বালানি আমদানি প্রায় অর্ধেকে নেমে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জ্বালানি বিশ্লেষণ প্রতিষ্ঠান এনার্জি অ্যাসপেক্টসের পূর্বাভাস অনুযায়ী, অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ইউরোপে প্রতিদিন প্রায় ৫ লাখ ১০ হাজার ব্যারেল জেট জ্বালানির ঘাটতি হতে পারে। একই সময়ে যুক্তরাষ্ট্রে প্রতিদিন প্রায় ১৮ হাজার ব্যারেল এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ৪ লাখ ১৯ হাজার ব্যারেল অতিরিক্ত সরবরাহ থাকতে পারে।
এদিকে ইউরোপে জেট ফুয়েলের মজুতও কমে গেছে। আমস্টারডাম-রটারডাম-অ্যান্টওয়ার্প (এআরএ) অঞ্চলের তেল সংরক্ষণ ও পরিশোধন কেন্দ্রগুলোতে ১০ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে মজুত সাত বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।
বাজার বিশ্লেষকেরা বলছেন, ইউরোপে জেট জ্বালানির ঘাটতি থাকায় আমদানি অব্যাহত থাকবে। এশিয়া থেকে ইউরোপে জ্বালানি পরিবহন এখন ব্যবসায়ীদের জন্য তুলনামূলক বেশি লাভজনক হয়ে উঠেছে।
এদিকে দক্ষিণ কোরিয়াতেও জেট ফুয়েল উৎপাদন বেড়েছে। জুলাই মাসে দেশটির জেট জ্বালানি উৎপাদন প্রায় ১ কোটি ৩৮৯ লাখ ব্যারেলে পৌঁছায়, যা সাত বছরের মধ্যে সর্বোচ্চ।
ওই মাসে দক্ষিণ কোরিয়ার তেল শোধনাগারগুলোতে প্রতিদিন গড়ে ২৭ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিশোধন করা হয়। জুনের তুলনায় এ পরিমাণ ১৬ শতাংশ বেশি।
বিশ্লেষকদের মতে, দক্ষিণ কোরিয়ায় জেট ফুয়েল উৎপাদন বাড়ায় ইউরোপের সরবরাহ সংকট মোকাবিলায় কিছুটা সহায়তা মিলতে পারে। তবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির আরও অবনতি হলে ইউরোপে জেট ফুয়েল সরবরাহের ওপর নতুন করে চাপ তৈরি হতে পারে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।