
শাহরিয়া নাজীম, কালিয়াকৈর:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সরকারি ও বেসরকারি শিল্পকারখানায় টানা ৪ দিনের ছুটির কারণে গাজীপুরের মহাসড়কে ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের প্রায় ৪০ কিলোমিটার এলাকায় ধীরগতির যানজট সৃষ্টি হয়েছে, যা ঘণ্টার পর ঘণ্টা ধরে যাত্রীদের ভোগান্তির কারণ হয়েছে।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার থেকে মাওনা চৌরাস্তা এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভোগড়া বাইপাস থেকে কালিয়াকৈর বাইপাস পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। বিশেষ করে চন্দ্রা বাস কাউন্টারে যাত্রীদের ভিড় সবচেয়ে বেশি।
যাত্রীরা অভিযোগ করেছেন, গণপরিবহন অতিরিক্ত ভাড়া নিচ্ছে। এক যাত্রী জানান, যেখানে স্বাভাবিক ভাড়া ৫০০–৬০০ টাকা, সেখানে এখন ১৫০০ টাকা পর্যন্ত দাবি করা হচ্ছে। অতিরিক্ত ভাড়ার প্রতিবাদে কিছু সময় সড়ক অবরোধও করা হয়েছে।
মহাসড়কে আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সদস্যরা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তৎপর। নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সওগাতুল আলম বলেন, “অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”