
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেকপোস্ট স্থাপন, বিশেষ রোবাস্ট পেট্রোলিং এবং ফুট পেট্রোলিংয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের ৯টি এপিসি ও ৩টি পিকআপ ব্যবহার করে রাজধানীর বিভিন্ন এলাকা, অলি-গলি এবং প্রধান সড়কগুলোতে টহল জোরদার করেছে। সেনাবাহিনীও চেকপোস্ট ও মোবাইল পেট্রোলিংয়ের মাধ্যমে সন্দেহভাজনদের তল্লাশি করছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকেও ২৬ হাজার সদস্য মাঠে কাজ করছেন। ডিএমপির মিডিয়া সেলের মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, “কোনও ধরনের হামলা বা নিরাপত্তার ঝুঁকি নেই। ভোটাররা নিশ্চিন্তে এবং নিরাপদে ভোট কেন্দ্রে এসে মৌলিক অধিকার প্রয়োগ করতে পারবেন। পুলিশ তাদের পাশে রয়েছে।”