তালতলীতে উপকূলীয় মৎস্যজীবী ইস্যুতে অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণ
তালতলী প্রতিনিধি | এইচ বি সুমন আলী
উপকূলীয় মৎস্যজীবীদের জীবন-জীবিকা, ঝুঁকিপ্রবণতা ও সামুদ্রিক আবাসস্থল সুরক্ষায় গণমাধ্যমের কার্যকর ভূমিকা জোরদারের লক্ষ্যে তালতলীতে সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি সংস্থা Fisherfolk Integration for Sustainable Habitat and Natural Ecosystem Transformation (FISHNET)-এর উদ্যোগে এবং Center for Natural Resource Studies (CNRS)-এর বাস্তবায়নে বৃহস্পতিবার তালতলী মডেল মসজিদ মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ও জাতীয় পর্যায়ের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে উপকূলীয় মৎস্যজীবীদের ঝুঁকিপূর্ণ জীবনব্যবস্থা, সামুদ্রিক সম্পদ ও আবাসস্থল সুরক্ষা, সংশ্লিষ্ট সরকারি আইন ও নীতিমালা এবং অনুসন্ধানী প্রতিবেদন প্রণয়নের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মৎস্যজীবীদের জীবনসংগ্রাম ও বাস্তব সমস্যাগুলো তথ্যভিত্তিক ও অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
মৎস্যজীবী বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন তৈরির কলাকৌশল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন উপকূলীয় সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম মন্টু। মৎস্য আইন ও নীতিমালা বিষয়ে ধারণা দেন তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন এবং ফিসনেট প্রজেক্ট ম্যানেজার সুবোধ বিশ্বাস।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর-এর স্টাফ রিপোর্টার মোঃ জসিম উদ্দিন সিকদারসহ সাংবাদিক মোঃ ইউসুফ আলী, মোঃ হোসাইন আলী কাজী, হাইরাজ মাঝি, মোঃ শাহাদাত হোসেন, মোঃ নাঈম ইসলাম, সোহেল রানা, রাসেল হাওলাদার, নাজমুল হাসান, এইচ বি সুমন আলী ও ইব্রাহিম প্রমুখ।
আয়োজকরা জানান, উপকূলীয় অঞ্চলের টেকসই উন্নয়ন ও মৎস্যসম্পদ সংরক্ষণে গণমাধ্যমের অনুসন্ধানী ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।













