ডোমারে রাতের আঁধারে ট্রান্সফরমার চুরি, বিদ্যুৎহীন পুরো এলাকা
- আপলোডের সময় : Sunday, October 4, 2026,

ডোমারে রাতের আঁধারে ট্রান্সফরমার চুরি, বিদ্যুৎহীন পুরো এলাকা
শাহজহান আলী
মাল্টিমিডিয়া রিপোর্টার, নীলফামারী
নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি রেলঘুন্টি সংলগ্ন লিচুতলা এলাকায় রাতের আঁধারে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার ভেঙে ভেতরের মূল্যবান মালামাল চুরির ঘটনা ঘটেছে। এতে ওই এলাকার সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীরা চরম বিদ্যুৎ ভোগান্তিতে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে সংঘবদ্ধ একটি চোরচক্র রেলঘুন্টি লিচুতলা এলাকার একটি বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমারটি নিচে নামিয়ে ভেঙে ফেলে। পরে ট্রান্সফরমারের ভেতর থাকা তামা, মূল্যবান যন্ত্রাংশ ও তেল চুরি করে নিয়ে যায়। সকালে স্থানীয় বাসিন্দারা খুঁটির নিচে ট্রান্সফরমারের খালি খোলস পড়ে থাকতে দেখে পল্লী বিদ্যুৎ অফিস ও পুলিশকে খবর দেন।
স্থানীয় বাসিন্দারা জানান, চুরি হওয়া ট্রান্সফরমারটির আনুমানিক মূল্য ২ থেকে আড়াই লাখ টাকা। রাতের নির্জনতার সুযোগ নিয়ে দুষ্কৃতকারীরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন তারা। ট্রান্সফরমার চুরির কারণে পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দা ও ব্যবসায়ীরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির এক কর্মকর্তা জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চুরির ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে নতুন ট্রান্সফরমার স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
ডোমার থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করা হবে। একই সঙ্গে চুরি হওয়া মালামাল উদ্ধার ও জড়িতদের শনাক্ত করতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।