ঠাকুরগাঁও জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক অপরাধ পর্যালোচনা ও দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপলোডের সময় : Tuesday, October 6, 2026,

ঠাকুরগাঁও জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক অপরাধ পর্যালোচনা ও দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আকতারুল হক প্রধান
ক্রাইম রিপোর্টার
ঠাকুরগাঁও জেলা পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের সমন্বয়ে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা, মাসিক অপরাধ পর্যালোচনা সভা, কিট প্যারেড এবং শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ অক্টোবর) মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ করেন ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার জনাব মোঃ বেলাল হোসেন। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আলমগীর রহমান। প্যারেডে অংশগ্রহণকারী কর্মকর্তা ও সদস্যদের শারীরিক সক্ষমতা, টার্নআউট ও শৃঙ্খলার ভিত্তিতে পুরস্কার প্রদান করা হয়। এ সময় পুলিশ সুপার পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য দিকনির্দেশনা দেন।
মাস্টার প্যারেড শেষে পুলিশ সুপারের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা তাঁদের পেশাগত ও কল্যাণসংক্রান্ত আবেদন, নিবেদন ও প্রস্তাবনা উপস্থাপন করেন। পুলিশ সুপার বিষয়গুলো শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ কর্মকর্তা ও সদস্যদের পুরস্কৃত করা হয়।
এ সময় বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রদত্ত ‘বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি ২০২৪ ও ২০২৫’-এর আওতায় ঠাকুরগাঁও জেলা পুলিশে কর্মরত ১১ জন পুলিশ সদস্যের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। পুলিশ সুপার মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেন।
পরবর্তীতে পুলিশ অফিস, ঠাকুরগাঁওয়ের কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, তদন্ত কার্যক্রমের অগ্রগতি এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। সভায় পুলিশ সুপার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণকে সর্বোচ্চ মানের পুলিশি সেবা নিশ্চিত করতে সকল কর্মকর্তা ও সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
এরপর পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের সমন্বয়ে কিট প্যারেড অনুষ্ঠিত হয়। কিট প্যারেডে অভিবাদন গ্রহণের পাশাপাশি পুলিশ সদস্যদের কিট সামগ্রী পরিদর্শন করেন পুলিশ সুপার। কিট সামগ্রীর যথাযথ ব্যবহার, সংরক্ষণ ও পরিচ্ছন্নতার ভিত্তিতে সদস্যদের পুরস্কৃত করা হয়। পরিদর্শন শেষে শৃঙ্খলা, ড্রেস রুলস অনুসরণ, ইউনিফর্ম ব্যবহারে সচেতনতা, নিয়মিত পিটি ও প্যারেড, স্বাস্থ্য সচেতনতা, পরিচ্ছন্নতা এবং খেলাধুলার মাধ্যমে শারীরিক সক্ষমতা বৃদ্ধির বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
দিনের সর্বশেষ কার্যক্রম হিসেবে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে জেলার সকল পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার জনাব মোঃ বেলাল হোসেন।
সভায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি গুজব ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। এ সময় পুলিশ সুপার জেলা, থানা ও পৌরসভা পর্যায়ের পূজা উদযাপন কমিটির সদস্যদের মতামত গ্রহণ করেন এবং পূজার পূর্বে, পূজাকালীন ও পূজা-পরবর্তী সময়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানগুলোতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), ডিআইও-১, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ওসি (ডিবি), কোর্ট পুলিশ পরিদর্শক, ট্রাফিক ইন্সপেক্টর, আরআইসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্য এবং জেলা, থানা ও পৌরসভা পর্যায়ের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।