ট্রাম্প আলোচনায় আগ্রহী, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়: ইরান
- আপলোডের সময় : Tuesday, September 15, 2026,

ট্রাম্প আলোচনায় আগ্রহী, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়: ইরান
নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হবে না বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রেজায়ি মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। ট্রাম্পের অবস্থানের পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেন, আগে ‘আলোচনা নয়’ বললেও এখন তিনি ‘আমরা কথা বলতে প্রস্তুত’ এমন অবস্থান নিয়েছেন।
রেজায়ি বলেন, তেল ও প্রণালিগুলোকে ঘিরে পরিস্থিতির গুরুত্ব বদলে গেছে। ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও সামনে যা আসছে, তা ঠেকাতে পারবেন না ট্রাম্প।
তিনি আরও বলেন, ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হবে না। বিষয়টি এখানেই শেষ বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে সোমবার ট্রাম্প বলেছিলেন, ইরানের সঙ্গে আলোচনায় বসতে যুক্তরাষ্ট্র প্রস্তুত। এর আগে কয়েক সপ্তাহ ধরে যুদ্ধ বন্ধে চুক্তির জন্য এখনই আলোচনা করা খুব তাড়াতাড়ি হবে বলে মন্তব্য করে আসছিলেন তিনি।
ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরান দ্রুত ও মরিয়া হয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে চায়। যুক্তরাষ্ট্র তেহরানের সঙ্গে আলোচনায় বসবে কি না, সে সিদ্ধান্ত তিনি নিজেই নেবেন বলেও জানান।
চলমান যুদ্ধ ও হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ অবসানের জন্য তেহরান এর আগে বেশ কয়েকটি শর্তের কথা জানিয়েছে। এর মধ্যে যুদ্ধের ক্ষতিপূরণ এবং ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি রয়েছে।
ইরানের দাবি, এসব শর্ত পূরণ না হলে যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালির অবরোধ প্রত্যাহারের বিষয়ে কোনো সমঝোতা হবে না।
ট্রাম্পের আলোচনার আগ্রহের বিপরীতে তেহরানের এমন কঠোর অবস্থান দুই দেশের মধ্যে নতুন করে কূটনৈতিক অচলাবস্থার ইঙ্গিত দিচ্ছে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।