টেকনাফে যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ আটক ১
- আপলোডের সময় : Tuesday, October 6, 2026,

টেকনাফে যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ আটক ১
আবদুর রহিম
কক্সবাজার স্টাফ রিপোর্টার
কক্সবাজারের টেকনাফে বিজিবি ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ইদ্রিস (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) ভোররাতে টেকনাফের নাফ নদীসংলগ্ন জালিয়াপাড়া ৪ নম্বর ব্রিজের ১ নম্বর স্লুইসগেটের পশ্চিম পাশে এ অভিযান চালানো হয়। আটক ইদ্রিস টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ডেইলপাড়া এলাকার বাসিন্দা।
বিজিবি জানায়, রোববার (৪ অক্টোবর) মিয়ানমার থেকে নাফ নদী অতিক্রম করে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের গোয়েন্দা তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) ও এসআরবির সমন্বয়ে একটি বিশেষ আভিযানিক দল গঠন করা হয়। পরে রাত সাড়ে ৭টার দিকে যৌথ দলটি নাজিরপাড়া বিওপির অধীন জালিয়াপাড়া এলাকায় নাফ নদীর খালসংলগ্ন স্থানে অবস্থান নেয়।
বিজিবির তথ্যমতে, রাত সাড়ে ১২টার দিকে থার্মাল ইমেজারের মাধ্যমে মিয়ানমার সীমান্ত থেকে আসা কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি শনাক্ত করা হয়। রাত আনুমানিক আড়াইটার দিকে তারা বস্তাসহ সাঁতরে বাংলাদেশ সীমানায় প্রবেশ করলে আভিযানিক দল তাদের ঘিরে ফেলে। উপস্থিতি টের পেয়ে তারা কেওড়া বাগানের দিকে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তিনটি বড় প্যাকেটসহ ইদ্রিসকে আটক করা হয়।
পরে প্যাকেটগুলো তল্লাশি করে বিশেষভাবে মোড়ানো ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তি ও উদ্ধারকৃত ইয়াবার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের মাধ্যমে আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সীমান্ত এলাকায় মাদক পাচার ও সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে প্রযুক্তিনির্ভর গোয়েন্দা নজরদারি ও যৌথ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিজিবি।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।