টানা তৃতীয় সপ্তাহে কমছে স্বর্ণের দাম
- আপলোডের সময় : Friday, September 11, 2026,

টানা তৃতীয় সপ্তাহে কমছে স্বর্ণের দাম
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদহার বাড়ানোর সম্ভাবনা জোরালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে টানা তৃতীয় সপ্তাহে কমতির দিকে রয়েছে স্বর্ণের দাম। এর ধারাবাহিকতায় শুক্রবার দিনের শুরুতে মূল্যবান ধাতুটির ফিউচার দরও কমেছে। তবে স্পট বাজারে দিনের হিসাবে দাম কিছুটা বাড়লেও সপ্তাহের হিসাবে এখনো কমতির দিকে রয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার গ্রিনিচ মান সময় (জিএমটি) সকাল ৬টা ৩৯ মিনিটে স্পট স্বর্ণের দাম দিনের হিসাবে ০ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৫১ দশমিক ৯৭ ডলারে দাঁড়ায়। তবে চলতি সপ্তাহে এখন পর্যন্ত দাম কমেছে প্রায় ২ শতাংশ।
এদিকে ডিসেম্বরে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার দর ০ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৯৩ দশমিক ১০ ডলারে নেমেছে।
বাজারে এখন বিনিয়োগকারীদের মূল নজর যুক্তরাষ্ট্রের নতুন মূল্যস্ফীতির তথ্যের দিকে। এ তথ্য ফেডারেল রিজার্ভের পরবর্তী সুদহার সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। সুদহার বাড়ানোর প্রত্যাশা জোরালো হলে সাধারণত সুদ না দেওয়া স্বর্ণের মতো সম্পদের আকর্ষণ কমে যায়। এতে স্বর্ণের দামে চাপ তৈরি হতে পারে।
আন্তর্জাতিক বাজারে দাম কমার প্রভাব পড়েছে দেশের বাজারেও। বাংলাদেশে এ দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১০৮ টাকা কমানো হয়েছে। ভ্যাটসহ বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা।
এর আগে গত ৬ সেপ্টেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছিল। ফলে দুই দফায় ভালো মানের স্বর্ণের দাম প্রতি ভরিতে মোট ৩ হাজার ৩২৪ টাকা কমেছে। নতুন দাম বুধবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা।
স্বর্ণের দাম কমানো হলেও বুধবার রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।