টাকার অভাবে সৌদি আরব থেকে আবু হানিফের মরদেহ দেশে আনতে পারছে না পরিবার
- আপলোডের সময় : Friday, October 9, 2026,

টাকার অভাবে সৌদি আরব থেকে আবু হানিফের মরদেহ দেশে আনতে পারছে না পরিবার
তালতলী প্রতিনিধি : এইচ বি সুমন আলী
পরিবারের ভাগ্য পরিবর্তনের আশায় সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নলবুনিয়া গ্রামের আবু হানিফ। স্ত্রী, দুই সন্তান ও মাকে ভালো রাখার স্বপ্ন ছিল তাঁর। কিন্তু প্রবাসের মাটিতে তাঁর মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। অর্থের অভাবে সৌদি আরব থেকে তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনতে পারছেন না স্বজনরা।
পরিবার সূত্রে জানা গেছে, আবু হানিফের ১০ বছর বয়সী ছেলে জুনায়েদ ও চার বছর বয়সী একটি মেয়ে রয়েছে। সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করা এবং পরিবারের আর্থিক অবস্থার উন্নতির আশায় তিনি বিদেশে পাড়ি দিয়েছিলেন। কিন্তু তাঁর মৃত্যুতে স্ত্রী-সন্তানসহ পুরো পরিবার অসহায় হয়ে পড়েছে।
জানা যায়, আবু হানিফের বয়স যখন মাত্র ১০ বছর, তখন তাঁর বাবা গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে মারা যান। এরপর নানা কষ্টের মধ্য দিয়ে তাঁর মা তাঁকে লালন-পালন করে বড় করেন। পরিবারের অভাব দূর করা ও ভবিষ্যৎ সুন্দর করার আশায় প্রবাসী কল্যাণ ব্যাংক, এনজিওসহ বিভিন্ন উৎস থেকে ঋণ নিয়ে আবু হানিফকে সৌদি আরবে পাঠানো হয়।
বিদেশে পাঠানোর জন্য পরিবারের প্রায় ৮ থেকে ১০ লাখ টাকা ঋণ হয়েছে বলে জানা গেছে। সেই ঋণের বোঝা এখনো পরিবারের ওপর রয়েছে। এর মধ্যে আবু হানিফের মৃত্যুতে তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনার খরচ জোগাড় করাও পরিবারের পক্ষে কঠিন হয়ে পড়েছে।
পরিবারের দাবি, সৌদি আরবে অবস্থানকালে তাঁর ভিসা, আকামাসহ প্রয়োজনীয় কাগজপত্র দালালের কাছে থাকায় মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় জটিলতা তৈরি হয়েছে।
আবু হানিফের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার স্বামীর লাশটা অন্তত তাঁর নিজের ভিটায় ফিরিয়ে দেওয়া হোক। আমার সন্তানরা যেন বাবার কবরটা দেখতে পারে। আত্মীয়-স্বজনরাও যেন শেষবারের মতো তাঁকে দেখতে পারেন।”
অন্যদিকে আবু হানিফের মায়েরও একটাই আকুতি—জীবিত ছেলেকে আর ফিরে পাওয়া সম্ভব নয়। অন্তত তাঁর মরদেহটি যেন দেশে এনে নিজ বাড়িতে দাফন করতে পারেন।
স্থানীয় বাসিন্দারাও আবু হানিফের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তরের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে ঋণের বোঝায় জর্জরিত পরিবারটির পাশে দাঁড়িয়ে মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তাঁরা।
পরিবার ও স্থানীয়দের প্রত্যাশা, মানবিক দিক বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নেবে। সৌদি আরব থেকে আবু হানিফের মরদেহ নিজ বাড়ি নলবুনিয়ায় ফিরিয়ে এনে স্বজনদের শেষবারের মতো তাঁকে দেখার এবং পারিবারিক কবরস্থানে দাফন করার সুযোগ করে দেওয়া হবে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।