
ইনকিয়াদ আহ্মেদ রাফিন, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:
যশোর-২ আসনের সংসদ সদস্য ডা: ফরিদ ২৪ ফেব্রুয়ারি সকাল ১১:৩০ মিনিটে ঝিকরগাছা বাজারে সরজমিনে মনিটরিং পরিচালনা করেছেন এবং জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন।
মনিটরিংকালে এমপি বাজারের ঔষধ, হোটেল, ফল, মুদি, তরকারি ও মাছের দোকান পরিদর্শন করেন। তিনি দোকানিদের প্রতি আহ্বান জানান, রমজান মাসে জনগণ যাতে কোনো অতিরিক্ত মূল্যবৃদ্ধির শিকার না হন, সেজন্য নির্ধারিত মূল্য অনুসারে পণ্য বিক্রি করতে হবে। পাশাপাশি প্রত্যেক দোকানে সিটিজেন চার্ট প্রদর্শনের নির্দেশ দেন।
এছাড়া ইজিবাইক ও ভ্যান স্ট্যান্ডের সমস্যা শোনেন এবং চালকদের অসুবিধার দ্রুত সমাধানের আশ্বাস দেন। নাভারণ হাইওয়ে পুলিশের অনিয়ম বিষয়ে চালকদের অভিযোগ গ্রহণ করে তিনি প্রশাসনিক খাতে জিরো টলারেন্সের প্রতিশ্রুতি দেন।
বাজার মনিটরিং শেষে এমপি সরজমিনে ঝিকরগাছা রেজিস্ট্রি অফিস পরিদর্শন করেন এবং সাব-রেজিস্ট্রারের সঙ্গে আলোচনা করে অভিযোগমুক্ত সেবা নিশ্চিত করার নির্দেশ দেন।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমপি ডা: ফরিদ বলেন, “রমজান মাসে দ্রব্যমূল্যের অযথা বৃদ্ধি রোধ করতে বাজার মনিটরিং অত্যাবশ্যক। কোনো অনিয়ম পাওয়া যায়নি, তবে ব্যবসায়ীদের চার্ট প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।”
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাংশ বিশ্বাস বলেন, “সিটিজেন চার্টে সঠিক মূল্য প্রদর্শিত থাকায় গ্রাহকরা সঠিক তথ্য অনুযায়ী পণ্য ক্রয় করতে পারবেন। রেজিস্ট্রি অফিসে কোনো অনিয়মের অভিযোগ থাকলে প্রশাসন ব্যবস্থা নেবে।”
বাজার মনিটরিংয়ে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাংশ বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবু সাইদ, জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের দলীয় নেতা ও সাংবাদিকবৃন্দ।