ঝিকরগাছায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ উদ্বোধন
- আপলোডের সময় : Wednesday, September 2, 2026,

ঝিকরগাছায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ উদ্বোধন
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি
যশোরের ঝিকরগাছায় তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ শুরু হয়েছে। ‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আধুনিক ও জলবায়ু সহিষ্ণু কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত নারী সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক এম সাইফুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে সাবিরা সুলতানা মুন্নি বলেন, পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। বাড়ির আঙিনা ও পরিত্যক্ত স্থানে বৃক্ষরোপণের পাশাপাশি জলবায়ু সহিষ্ণু কৃষি চাষে গুরুত্ব দিতে হবে। আধুনিক কৃষি প্রযুক্তির যথাযথ ব্যবহার করে ফসল উৎপাদন বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
২০২৫-২৬ অর্থবছরে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট (CSAWM) প্রকল্পের আওতায় ডিএই পার্ট প্রকল্পের অধীনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করেছে।
মেলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি, আধুনিক কৃষি যন্ত্রপাতি ও কৃষিপণ্য, রাইস ট্রান্সপ্লান্টার, ফুল ও ফুলের উপজাত পণ্য, কৃষি-ভিত্তিক মোবাইল অ্যাপ, জৈব বালাইনাশক, উচ্চমূল্যের নিরাপদ সবজি ও ফল, আধুনিক সেচব্যবস্থা, বসতবাড়ির আঙিনায় পুষ্টিবাগান এবং ক্লাইমেট স্মার্ট স্কুল ও ক্লাবসহ বিভিন্ন প্রযুক্তি ও উদ্যোগ প্রদর্শন করা হয়।
বৈরী আবহাওয়ার কারণে পরবর্তী কার্যক্রম উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। সেখানে সাবিরা সুলতানা মুন্নি সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক ও বিভ্রান্তিকর অপপ্রচারের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি অনলাইন জুয়া, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ঝিকরগাছা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফিরোজ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি ও উপপরিদর্শক (তদন্ত) মো. ইদ্রিস আলী, প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম এবং সফল কৃষক আশরাফুল আলম রিপন।
এ সময় উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা, সমাজসেবা কর্মকর্তা মো. অহিদুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তারা, উদ্যোক্তা কৃষক, সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।










