ঝিকরগাছায় শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি নিয়ে মানববন্ধন ও ঝাড়ুমিছিল
- আপলোডের সময় : Monday, September 14, 2026,

ঝিকরগাছায় শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি নিয়ে মানববন্ধন ও ঝাড়ুমিছিল
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. আশরাফুজ্জামান সাগরকে মনোনীত করার প্রতিবাদে মানববন্ধন ও ঝাড়ুমিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় শিওরদাহ বাজারে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে মানববন্ধন শেষে একটি ঝাড়ুমিছিল বের করা হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
নির্বাসখোলা ইউনিয়ন কৃষকদলের সভাপতি ইমামুল রহমানের সভাপতিত্বে এবং শফিকুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন নির্বাসখোলা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সুমন কবির, শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহজাহান কবির, বিশিষ্ট ব্যবসায়ী ও যুবনেতা মুকুল হোসেন, আজগর আলী, সাবিনা বেগম, আবেদা বেগম, খাদিজা আক্তার, লাবনী বেগমসহ অনেকে।
বিদ্যালয়ের রেজুলেশন অনুযায়ী জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর মো. শাহজালাল, মেহেদী হাসান ও ইমাম হাসান—এই তিনজনের নাম এডহক কমিটির সভাপতি প্রার্থী হিসেবে প্রস্তাব করা হয়।
অভিযোগ উঠেছে, সভাপতি পদে প্রস্তাবিত ওই তিনজনকে বাদ দিয়ে আশরাফুজ্জামান নামে একজনকে গত ২৭ আগস্ট যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরিত এডহক কমিটিতে চূড়ান্তভাবে মনোনীত করা হয়।
এ বিষয়ে শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্তিক কুমার আচার্যের কাছে জানতে চাইলে তিনি বলেন, রেজুলেশনের মাধ্যমে তিনি যে তিনজনের নাম সভাপতি পদে প্রস্তাব করেছিলেন, তাঁদের কেউ সভাপতি হিসেবে মনোনীত হননি। বর্তমান এডহক কমিটির সভাপতি আশরাফুজ্জামান কীভাবে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন, সে বিষয়ে তিনি অবগত নন বলে দাবি করেন।
এ বিষয়ে ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম বলেন, শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠনের বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের সিদ্ধান্তের ব্যাপার। এ বিষয়ে এর বেশি কিছু বলতে তিনি অনিচ্ছা প্রকাশ করেন।
স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকরা বিদ্যালয়ের কমিটি গঠনে গঠনতন্ত্র ও নিয়ম অনুযায়ী এলাকার মধ্য থেকে একজন যোগ্য ব্যক্তিকে সভাপতি পদে মনোনীত করার দাবি জানিয়েছেন। মানববন্ধন ও ঝাড়ুমিছিল থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।
এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাশাপাশি বিষয়টি নিয়ে অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কাও করছেন স্থানীয়রা।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।