
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি ::
যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের গঙ্গাধারপুর গ্রামে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শিমুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার নুরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর–২ (চৌগাছা–ঝিকরগাছা) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদ।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মোসলেহ উদ্দীন ফরিদ বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় দায়িত্ব পেলে সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা হবে এবং সকল শ্রেণি-পেশার মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে। তিনি বলেন, “আমরা ক্ষমতাকে ভোগের বিষয় মনে করি না, বরং এটিকে দায়িত্ব হিসেবে দেখি। জনগণ দায়িত্ব দিলে আমরা শাসক নয়, সেবক হিসেবে কাজ করতে চাই।”
শিমুলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আয়ুব হোসাইন-এর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন এবং নাভারণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জিয়াউল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন এনসিপির জেলা মুখ্য সংগঠক সোহানুর রহমান, ৩নং ওয়ার্ড জামায়াতের সভাপতি নাছির উদ্দীন, সেক্রেটারি নাছির উদ্দিনসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক মহিলা কর্মী। সমাবেশে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।