
যশোর প্রতিনিধি | ইনকিয়াদ আহম্মেদ রাফিন
যশোরের ঝিকরগাছায় জামগাছ থেকে পড়ে আসিফ আহমেদ (২৩) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত আসিফ উপজেলার মাগুরা ইউনিয়নের জয়রামপুর গ্রামের আসাদ হোসেনের ছেলে এবং নতুনহাট পাবলিক কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে পাশের গ্রাম কুলিয়া গোবিন্দপুর এলাকার একটি জামগাছে জাম পাড়তে ওঠেন আসিফ। এ সময় অসাবধানতাবশত তিনি গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পর তার মৃত্যু হয়।
নিহতের চাচা সাজ্জাদ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।