
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা (নগদ অর্থ) বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ সহায়তা প্রদান করা হয়।
মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মোছা. রনী খাতুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আপনারা যে দায়িত্ব দিয়েছেন, যতদিন দায়িত্বে থাকবো, সরকারি সহায়তা আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো।” তিনি উপজেলা প্রশাসনের উদ্দেশ্যে আরও বলেন, শৃঙ্খলাবদ্ধভাবে যেন এসব সহায়তা সঠিকভাবে বিতরণ করা হয়।
উপজেলা পরিষদের একাডেমিক সুপারভাইজার মো. কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম, নায়েব আমীর অধ্যাপক হারুন অর রশিদ এবং সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মো. শাহজালাল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম, কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা দ্বীন ইসলাম, অ্যাডভোকেট মো. আবিদুর রহমান, পৌর আমীর আব্দুল হামিদসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানা গেছে, অনুষ্ঠানে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার নিহত পারভেজের পিতার হাতে বিশেষভাবে মানবিক সহায়তা তুলে দেন সংসদ সদস্য। এছাড়া মোট ৩৭০টি শাড়ি বিতরণ করা হয় এবং ৫৭০ জনের মাঝে জনপ্রতি ১ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।