
শাহিন আলম হৃদয়
বিশেষ প্রতিনিধি
‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান ও মূল পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার মো. রেজুয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা ইয়াসমিন।
অনুষ্ঠানে জুলাই শহীদ মাহবুব আলমের মাতা বিশেষ শ্রদ্ধাস্পদ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ এবং শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা।
প্রধান অতিথি মিজ ফরিদা ইয়াসমিন তাঁর বক্তব্যের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানের সকল বীর শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি শিক্ষার্থীদের যুক্তিবাদী, মননশীল ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন, “বিতর্ক প্রতিযোগিতা যুক্তির এক সৃজনশীল চর্চা। এটি শিক্ষার্থীদের বিশ্লেষণী ক্ষমতা বৃদ্ধি, আত্মবিশ্বাস অর্জন এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
তিনি আরও বলেন, বিতর্ক শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে এবং তাদের চিন্তা ও মত প্রকাশের দক্ষতা বাড়ায়। তরুণ প্রজন্মকে মেধা, যুক্তি ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে উন্নত বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে জেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত বিতর্ক চর্চা চালুর ওপরও জোর দেন।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিরাও জুলাইয়ের চেতনাকে ধারণ করে আগামী প্রজন্মকে দেশ গঠনের কাজে সম্পৃক্ত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর হাতে স্মারক ও সম্মাননা তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবাদী চিন্তাচর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।