
জুলাইয়ের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার মুক্তিযুদ্ধমন্ত্রীর
রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে জুলাই সনদের বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার কাজ করে যাচ্ছে।
বুধবার (৫ আগস্ট) সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আহমেদ আযম খান বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে আগামীর বাংলাদেশকে জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে।”
তিনি বলেন, ৫ আগস্ট শুধু শোকের দিন নয়, এটি একই সঙ্গে বিজয় ও নতুন প্রত্যয়ের দিন। দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম ও রক্তক্ষয়ের মধ্য দিয়ে এদিন দেশে পরিবর্তনের সূচনা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, “যারা দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন, বিএনপিসহ সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান থাকবে—ঐক্য বজায় রেখে দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “বিএনপি সরকারের মাধ্যমে দেশে পরিবর্তনের একটি নতুন অধ্যায় শুরু হয়েছে।” এ সময় জুলাইয়ের শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, জুলাইয়ের শহীদ ও যোদ্ধাদের সরকার ভুলে যায়নি। দেশের স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।