জাবিতে নারী শিক্ষার্থীদের গোপনে ছবি ধারণের অভিযোগে যুবদল নেতা আটক
- আপলোডের সময় : Friday, July 3, 2026,

জাবিতে নারী শিক্ষার্থীদের গোপনে ছবি ধারণের অভিযোগে যুবদল নেতা আটক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নারী শিক্ষার্থীদের অনুমতি ছাড়া উদ্দেশ্যমূলকভাবে ছবি তোলার অভিযোগে ধামরাই উপজেলা যুবদলের সাবেক নেতা দেবাশীষ চৌধুরীকে আটক করেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২ জুলাই) রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে লিখিত স্বীকারোক্তি, নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যতে আর কখনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ না করার অঙ্গীকারের ভিত্তিতে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজার আমন্ত্রণে দেবাশীষ চৌধুরী বটতলায় খাবার খেতে আসেন। একপর্যায়ে কয়েকজন ছাত্রী তাকে নারী শিক্ষার্থীদের ছবি তুলতে দেখেছেন বলে সন্দেহ প্রকাশ করেন এবং তার মোবাইল ফোনের গ্যালারি দেখতে চান। প্রথমে তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে শিক্ষার্থীদের চাপে গ্যালারি দেখান। সেখানে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রী হেঁটে যাওয়ার ছবি পাওয়া যায়। পাশাপাশি বটতলার দোকান ও খাবারের কিছু ছবিও ছিল।
ঘটনার খবর পেয়ে জাকসুর নেতা, ছাত্রদলের কয়েকজন নেতা, নিরাপত্তা শাখার কর্মকর্তা এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে শিক্ষার্থীরা তার ব্যবহৃত গাড়ি থেকে দুটি বিয়ারের বোতল উদ্ধার করে তাকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার কাছে সোপর্দ করেন।
নিরাপত্তা কার্যালয়ে দেওয়া লিখিত স্বীকারোক্তিতে দেবাশীষ চৌধুরী বলেন, “বটতলায় খাওয়া-দাওয়া করার পর আমি কিছু মেয়ের গোপনে ছবি তুলেছি। এটি আমার ঠিক হয়নি। আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। ভবিষ্যতে আর কখনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছবি তুলতে আসব না। এমনকি বাংলাদেশের কোথাও কারও অনুমতি ছাড়া এভাবে ছবি তুলব না।”
বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে উদ্ধার হওয়া দুটি বিয়ারের বোতল ধ্বংস করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজার কাছে জানতে চাইলে তিনি বলেন, “এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।”
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, অভিযুক্ত ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থীর সঙ্গে ক্যাম্পাসে এসেছিলেন। ছবি তোলার অভিযোগ ওঠার পর তাকে নিরাপত্তা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে লিখিত মুচলেকা নেওয়া হয় এবং তিনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। পাশাপাশি ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বা তার ব্যবহৃত গাড়ি নিয়ে আর প্রবেশ করবেন না বলে অঙ্গীকার করেন। এসব শর্তে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।