
লোকমান আহমেদ
গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র জাফলং এলাকায় পিয়াইন নদীতে পানিতে ডুবে নিখোঁজ হওয়া এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত কিশোরের নাম ইমতিয়াজ হোসেন রাহি (১৬)। তিনি চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার ফতেহাবাদ এলাকার বাসিন্দা। তাঁর পিতা জসিম উদ্দিন এবং মাতা নার্গিস আক্তার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (০১ জুন ২০২৬) বিকেল আনুমানিক ৪টা ৫৬ মিনিটে জাফলংয়ের নাজিমগড় নৌকাঘাট সংলগ্ন পিয়াইন নদীতে বন্ধুদের সঙ্গে সাঁতরে নদী পার হওয়ার সময় তিনি পানিতে তলিয়ে যান এবং নিখোঁজ হন।
ঘটনার পর স্থানীয় ডুবুরি দল ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। দীর্ঘ সময়ের চেষ্টার পর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নদী থেকে মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, পর্যটন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।