
নিজস্ব প্রতিবেদক
‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাক কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডাক কার্ড প্রকাশ করেন।
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে প্রকাশিত এসব স্মারক সামগ্রী দেশের গ্রামীণ উন্নয়ন, স্থানীয় সরকার ব্যবস্থার অগ্রগতি এবং পল্লী অর্থনীতির বিকাশে সরকারের চলমান উদ্যোগের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।
অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. শহীদুল হাসানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা আশা প্রকাশ করেন, জাতীয় পল্লী উন্নয়ন দিবসের প্রতিপাদ্য ও কর্মসূচি দেশের গ্রামীণ জনপদের টেকসই উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের জীবনমান উন্নয়নে নতুন গতি সঞ্চার করবে।