
নিউইয়র্ক, ১৩ ফেব্রুয়ারি: শান্তিপূর্ণ ও অঘটনবিহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সম্পন্ন হওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। নির্বাচনে তারেক রহমান-এর নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পথে এগোচ্ছে।
জাতিসংঘ সদর দফতরে শুক্রবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরেস-এর মুখপাত্র স্টিফান ডুজারিক বলেন, “সংসদ সদস্য নির্বাচন ও গণভোটের জন্য আমরা বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাই। শান্তিপূর্ণ ও সমৃদ্ধশালী দেশ গড়ে তোলার প্রচেষ্টায় জাতিসংঘ বাংলাদেশকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও বলেন, গণতন্ত্র ও আইনের শাসন বজায় রাখা, রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় সংহতি জোরদার করা, মানবাধিকার এবং সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা—এসব বিষয়ে জাতিসংঘ গুরুত্বারোপ করে। মহাসচিব সব সময় রাজনৈতিক অংশীদারদের জাতীয় সংহতি বজায় রাখার ওপর জোর দেন এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কারের প্রত্যাশা প্রকাশ করেন।