
এলাকায় থমথমে পরিস্থিতি, নজরদারিতে আইনশৃঙ্খলা বাহিনী
স্টাফ রিপোর্টার, সাজ্জাদ মাহমুদ মনিরঃ
সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের পুরান নোয়াকোট গ্রামে মসজিদের টাকা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে ফজল মিয়া (৪৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের সুনু মিয়ার পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদের কিছু পাওনা টাকা নিয়ে দীর্ঘদিন ধরে গ্রামের মাশুক মিয়ার সঙ্গে ফজল মিয়ার বিরোধ চলছিল। একাধিকবার টাকা পরিশোধের জন্য তাগাদা দেওয়া হলেও বিষয়টি নিষ্পত্তি হয়নি। শনিবার মসজিদে এ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনার একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে তা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। এ সময় প্রতিপক্ষের হামলায় ফজল মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করলেও আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক নজরদারি করছে।