
স্টাফ রিপোর্টার, সাজ্জাদ মাহমুদ মনির
সুনামগঞ্জের ছাতকে নবনির্বাচিত সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের সঙ্গে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ ২০২৬) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন এলাকার সার্বিক উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নসহ জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, স্থানীয় প্রশাসন ও জনগণের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সুনামগঞ্জ-৫ আসনকে একটি মডেল আসনে পরিণত করা সম্ভব।
মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাদের দপ্তরে লোকবল সংকট, প্রয়োজনীয় সরঞ্জামের অভাব, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং প্রশাসনিক জটিলতার বিষয় তুলে ধরেন। তারা এসব সমস্যা দ্রুত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভা শেষে উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।