
চুরি করতে এসে গৃহবধূর কামড়ে আঙুলের অংশ হারাল চোর
ঝালকাঠির রাজাপুর উপজেলায় গভীর রাতে বসতঘরে চুরি করতে এসে গৃহবধূর কামড়ে এক চোরের আঙুলের একটি অংশ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। তবে সহযোগীদের সহায়তায় আহত ওই চোর পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এ সময় চোরের দল ঘর থেকে দুটি মোবাইল ফোন নিয়ে গেছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
মঙ্গলবার (৪ আগস্ট) রাত আড়াইটার দিকে উপজেলার ডহরশংকর গ্রামের খলিফা বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার জানায়, রাতে বাড়ির মালিক মো. নুরুজ্জামান খলিফার বসতঘরে সংঘবদ্ধ চোরের একটি দল গোপনে প্রবেশ করে। ঘরের ভেতরে শব্দ পেয়ে পরিবারের সদস্যদের ঘুম ভেঙে যায়। পরে তারা চোরদের আটকানোর চেষ্টা করলে এক গৃহবধূ এক চোরকে ধরে ফেলেন। এ সময় দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়।
পরিবারের দাবি, একপর্যায়ে চোরটি নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে ওই গৃহবধূ তার হাতে কামড় দেন। এতে চোরের একটি আঙুলের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বাইরে থাকা সহযোগীরা ঘরে ঢুকে আহত চোরকে উদ্ধার করে পালিয়ে যায়। পালানোর সময় তারা ঘরে থাকা দুটি দামি মোবাইল ফোন নিয়ে যায় বলেও অভিযোগ করা হয়েছে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস জানান, ঘটনার বিষয়টি তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।