
চুক্তি নবায়নে ভিনিসিয়ুসের সঙ্গে জরুরি বৈঠকে রিয়াল মাদ্রিদ
ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের চুক্তি নবায়ন নিয়ে চলমান অচলাবস্থা কাটাতে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ সাংবাদিক রোদ্রিগো ফায়েজ জানিয়েছেন, আগামীকাল বুধবার ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে ভিনিসিয়ুসের।
ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনের এই সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে জানান, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য থাকলেও রিয়াল তাদের আগের প্রস্তাবেই অটল রয়েছে। ভিনিসিয়ুসের সঙ্গে চুক্তি নবায়নে নতুন কোনো শর্ত যোগ করতে রাজি নয় স্প্যানিশ জায়ান্টরা।
বর্তমানে ভিনিসিয়ুস প্রতি মৌসুমে প্রায় ৩ কোটি ইউরো পারিশ্রমিক দাবি করছেন। তবে রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ প্রস্তাব ২ কোটি ২০ লাখ ইউরোর কাছাকাছি বলে জানা গেছে।
চুক্তি জটিলতার মধ্যেই ভিনিসিয়ুসকে বিক্রির বিষয়েও ক্লাবের ভেতরে আলোচনা চলছে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র। ইংলিশ ক্লাব আর্সেনালের সঙ্গে তার সম্ভাব্য দলবদলের গুঞ্জনও জোরালো হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে দলে নিতে আর্সেনালকে প্রায় ১৫ কোটি ইউরো খরচ করতে হতে পারে।
তবে ভিনিসিয়ুসের প্রতিনিধিরা আর্সেনালের সঙ্গে যোগাযোগের খবর অস্বীকার করেছেন। যদিও আলোচনার সঙ্গে যুক্ত সূত্রগুলো জানিয়েছে, দুই পক্ষের মধ্যে কথাবার্তা বেশ এগিয়েছে। আর্সেনালের স্পোর্টিং ডিরেক্টর বের্তা ও প্রধান কোচ মিকেল আরতেতাও এই প্রক্রিয়ায় সরাসরি যুক্ত রয়েছেন বলে দাবি করা হচ্ছে।