
শাহ্ ফুজায়েল আহমদ, নির্বাহী সম্পাদক
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৫নং চিলাউড়া ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয় জনমনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এই আলোচনার কেন্দ্রে রয়েছেন চিলাউড়া গ্রামের কৃতি সন্তান ও বিশিষ্ট সমাজসেবক রেজাউল করিম রিপন।
ছাত্রজীবন থেকেই সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় থাকা রেজাউল করিম রিপন স্থানীয় পর্যায়ে দীর্ঘদিন ধরে মানুষের আস্থা অর্জন করেছেন। তিনি শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, সংস্কৃতি ও সমাজসেবায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে জনপ্রিয়তা লাভ করেছেন। প্রবাসীদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগও উল্লেখযোগ্য।
স্থানীয়রা মনে করছেন, তিনি ৫নং চিলাউড়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। রেজাউল করিম রিপন বলেছেন, “আমি সবসময় এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছি এবং ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করতে চাই। এজন্য চিলাউড়া ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা করছি।”
তিনি পবিত্র মাহে রমজান শেষে ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ আনন্দ ও ভ্রাতৃত্ববোধের উৎসব। অতীতের দুঃখ-কষ্ট ভুলে আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি, তবে একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব।”