চাষাঢ়ায় মাদক বিরোধের জেরে যুবককে গুলি করে হত্যা
- আপলোডের সময় : Saturday, September 5, 2026,

চাষাঢ়ায় মাদক বিরোধের জেরে যুবককে গুলি করে হত্যা
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় মাদক কারবারের অভ্যন্তরীণ বিরোধের জেরে শুভ দাস নামে এক যুবককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) গভীর রাতে চাষাঢ়া হকার্স মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শুভ দাস চাঁদপুরের মতলব থানার মতলব বাজার এলাকার বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ জানায়, রাত সোয়া ১টার দিকে হকার্স মার্কেট সংলগ্ন রাস্তার মোড়ে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, শুভ দাসের বুকে গুলির চিহ্ন রয়েছে। তার মরদেহ তল্লাশি করে বেশ কিছু ইয়াবা উদ্ধার করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, শুভ দাসের বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগে চার থেকে পাঁচটি মামলা রয়েছে। প্রাথমিকভাবে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।
তিনি আরও জানান, হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়াও চলমান রয়েছে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।